রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বিনা ভোটে প্রস্তাব পাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০৭:০০ পিএম
জাতিসংঘের মানবাধিকার পরিষদে সোমবার (১২ জুলাই) রাতে এক প্রস্তাব পাস হয়েছে, যাতে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে জবাবদিহিতা, তাদের উপর চালানো নিপীড়নের বিচার এবং তাদের নিজ দেশে প্রত্যাবাসনের উপর গুরুত্ব দেয়া হয়েছে।
জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ২০১৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের পর এই প্রথম কোনো প্রস্তাব কোন ভোটাভুটি ছাড়াই জাতিসংঘে গৃহীত হল। এই প্রস্তাবকে বাংলাদেশের জন্য একটি ‘বড় মাইলফলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।
এই প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ নিয়ে মানবাধিকার পরিষদে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
জেনেভায় মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে ইসলামিক সম্মেলন সংস্থা ওআইসি’র সব রাষ্ট্রের পক্ষ থেকে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি উপস্থাপিত হয়েছিল।
গৃহীত প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে যৌন অপরাধসহ সকল প্রকার নির্যাতন, মানবতা-বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ও দায়ী ব্যক্তিদের জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় আনার গুরুত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া জোরদারেরও আহ্বান জানানো হয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
