ইমরানের সাথে পনি চাকমা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০৬:৫০ পিএম
গানের রাজা প্রতিযোগিতা চলার সময় বিচারক ইমরান মাহমুদুল সেরা ৫ প্রতিযোগীকে কথা দিয়েছেন প্রত্যেকের প্রথম মৌলিক গানটি নিজ উদ্যোগে করে দেবেন তিনি। সেই কথা বাস্তবায়ন হতে যাচ্ছে। এবার সিএমভি’র ব্যানারে ইমরান হাজির হচ্ছেন রাঙামাটির মেয়ে পনি চাকমাকে নিয়ে।
২৩ মার্চ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে পনি চাকমার প্রথম মৌলিক গান ‘আলো’। গানটিতে পনির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই।
রোমান্টিক কথার এ গানটির রেশ ধরে বান্দরবানের শৈলপ্রপাতের মনোরম লোকেশনে গানটির ভিডিওর নির্মাণ করা হয়। নির্মাণ করেছেন সৈকত রেজা। ইমরান-পনির পাশাপাশি এতে মডেল হিসেবে দেখা যাবে কেয়া পায়েলকে। পনি ও তার গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘পনিসহ ‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা ৫ জনকে আমি অনেক আগেই কথা দিয়েছিলাম। তাদের প্রথম মৌলিক গানটি আমি করবো। সেই অনুসারে সিএমভি’র সহযোগিতায় এরমধ্যে ৪ জনের গান প্রকাশ করেছি। এবার পালা পনি চাকমার। চমৎকার গায় সে। এই গানটিও দারুণ গেয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। ভিডিওতেও কিছু নতুনত্ব থাকছে।’
এদিকে পনি চাকমা বলেন, ‘আমার প্রথম মৌলিক গান এটা। গানের রাজা প্লাটফর্মেই ইমরান ভাইয়া বলেছিলেন, আমাদের পাঁচজনকে নিয়ে গান করবেন। আমি সেই সুযোগটি পেয়েছি, তার জন্য ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ। বান্দরবানের শৈলপ্রপাতে ভিডিওর শুটিং হয়েছে। ভিডিওতে আমাকেও দেখা যাবে! এটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।’
এন এফ৭১/ফামি/২০২১
বিষয়: ইমরান মাহমুদুল পনি চাকমা সৈকত রেজা
