কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেবে চরকি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:০৯ পিএম
প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চরকি কার্নিভাল’-এ তাকে এই সম্মাননা দেওয়া হবে।
আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য এই আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন কনটেন্ট থেকে সেরা নির্মাতা ও শিল্পীদের পুরস্কৃত করা হবে। এরই মধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকাও প্রকাশ করা হয়েছে।
‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার। তবে তার অকাল প্রয়াণের পর তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে চরকি।
এ বিষয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, কারিনা তার কাজ ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তাই তাকে কোনো প্রতিযোগিতার অংশ না করে বিশেষ সম্মাননার মাধ্যমে স্মরণ করা হবে।
এবারের অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬-২৪-৩৬’। এছাড়া অভিনয়, ওয়েব সিরিজ, গানসহ বিভিন্ন বিভাগে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
চরকি জানিয়েছে, সাবস্ক্রাইবাররা ইতোমধ্যে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে গিয়ে নিজেদের পছন্দের কনটেন্ট ও শিল্পীদের জন্য ভোট দিতে পারছেন। ভোটের ভিত্তিতেই নির্ধারিত হবে ‘সাবস্ক্রাইবারস চয়েস’ বিভাগের বিজয়ীরা।
এনএফ৭১/ওতু
বিষয়:
