ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থায় এখনো বড় উন্নতি হয়নি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০২:৫৭ এএম

সংগৃহীত

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। পরবর্তীতে পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে।

অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া। প্রথম ধাপে কয়েক মাস কেমোথেরাপি নেওয়ার পর বর্তমানে তিনি ওরাল থেরাপি নিচ্ছেন। চিকিৎসার অংশ হিসেবে সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহে প্রায় ৬০টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। এরপর প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে এখন দ্বিতীয় ধাপ চলছে।

নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পরও তার শারীরিক অবস্থায় এখনো বড় ধরনের উন্নতি দেখা যায়নি। বর্তমানে অবস্থা প্রায় একই রয়েছে এবং চলমান থেরাপি আগামী ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

চিকিৎসকদের মতে, ক্যানসার আক্রান্ত অংশটি এখনো একই স্থানে রয়েছে এবং এটি শরীরের অন্য কোথাও ছড়ায়নি—এটি কিছুটা স্বস্তির বিষয়। তবে পুরোপুরি সুস্থতার জন্য আরও সময় ও পর্যবেক্ষণ প্রয়োজন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, ইলিয়াস কাঞ্চন এখন ধীরে ধীরে কথা বলতে পারলেও কথা বলায় জড়তা রয়েছে। অনেক সময় তিনি দীর্ঘ বাক্য সম্পূর্ণ করতে কষ্ট অনুভব করেন। খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কিছুটা স্বাভাবিকতা থাকলেও আগের মতো নিয়মিত রুটিন বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

বর্তমানে তিনি লন্ডনে তার মেয়ে ইমা ইসলামের বাসায় অবস্থান করছেন। পরিবার—মেয়ে, জামাতা ও নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোই এখন তার প্রধান মানসিক ভরসা হয়ে উঠেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top