তিন দশকের রহস্য উন্মোচনের পথে

কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:২৮ পিএম

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় ও চিরসবুজ নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে আলোচিত এই মৃত্যুর ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে মরদেহ উত্তোলন করে আধুনিক পদ্ধতিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার সব প্রস্তুতি চলছে।

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর স্বজনরা তার নিউ ইস্কাটনের বাসভবনে গেলে স্ত্রী সামীরা হক ও গৃহকর্মী জানান, তিনি ঘুমিয়ে আছেন। কিছুক্ষণ পর স্বজনদের ফোন করে দ্রুত আসতে বলা হয়। ঘটনাস্থলে গিয়ে তারা সালমান শাহকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। তবে মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্কের অবসান না হওয়ায় নতুন করে তদন্তের দাবি জোরালো হতে থাকে।

গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় ১৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মরদেহ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্তের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত এই মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে আসতে পারে এবং রহস্য উদঘাটনের পথ আরও সুগম হবে।

 

এনএফ৭১/ওতু





Top