মৃত্যুর গুজবের পর মুখ খুললেন তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:১৯ এএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তিনি নিজেই জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং জীবিত আছেন।
মঙ্গলবার (৯ জুন) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, “মহান আল্লাহর রহমতে ভালো আছি। বাসাতেই আছি, পরিপূর্ণ বিশ্রামে আছি।”
তিনি জানান, বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং নিয়মিত চেকআপ করাচ্ছেন। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা-নিরীক্ষাও করানো হচ্ছে বলে জানান তিনি।
তানিয়া বৃষ্টি আরও বলেন, “দুটি সার্জারি হয়েছে, তৃতীয় সার্জারির জন্য কিছুটা সময় লাগবে। মাথায় যেন নতুন কোনো জটিলতা না হয়, সে কারণে আমি এখন বাসায়ই বেশি থাকি এবং বাইরে কম বের হই।”
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে জানা যায়, তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ তিনি ভারতের চেন্নাইয়ে যান এবং এপ্রিলের শেষ দিকে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এর আগে চিকিৎসকের পরামর্শে আরও একটি অস্ত্রোপচারের কথা জানানো হলেও সেটি আপাতত স্থগিত রয়েছে বলে জানান তিনি।
ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি ২০১৫ সালে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। পরে ২০১৯ সালে ‘গোয়েন্দাগিরি’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।
অভিনেত্রীর সুস্থতা কামনা করে ভক্তরাও সামাজিক মাধ্যমে নানা বার্তা দিচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
