রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা তুলে বিশ্বমঞ্চে সঞ্জয় দেব

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৩:২৯ এএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত জমকালো এই আয়োজনে তিনি পারফর্ম করেন এবং বাংলাদেশের প্রতীকী উপস্থাপনার মাধ্যমে বিশ্বমঞ্চে আলোচনায় আসেন।

উদ্বোধনী পর্বে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের আগে নোরা ফাতেহির নতুন গানের পরিবেশনায় অংশ নেন সঞ্জয় দেব। একই মঞ্চে উপস্থিত ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম।

পারফরম্যান্সে সঞ্জয় দেব পরেন বিশেষভাবে ডিজাইন করা একটি জ্যাকেট, যার ডান হাতের স্লিভে এম্ব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো- রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ফুল এবং সবুজ-লাল বৃত্তের জাতীয় পতাকা।

পারফরম্যান্স চলাকালীন তিনি বারবার নিজের পোশাকের ওই অংশের দিকে ইঙ্গিত করে বাংলাদেশের প্রতিনিধিত্বমূলক প্রতীকগুলো তুলে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। দর্শক ও নেটিজেনরা তার এই উপস্থাপনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

উদ্বোধনী আয়োজনে আরও পারফর্ম করেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলিসিয়া কারা, জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা। বৈচিত্র্যময় এই শিল্পীদের অংশগ্রহণে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়ও বিশ্বমঞ্চে তুলে ধরা হয়।



বিষয়:



Top