দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন নগরবাউল জেমস

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০২:০০ এএম

ছবি: সংগৃহীত

নতুন গান কিংবা অ্যালবামের ঘোষণা না থাকলেও মঞ্চে তার উপস্থিতি মানেই দর্শকদের উচ্ছ্বাস। বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমস এবার প্রায় দুই মাসের ইউরোপ সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য পরিবেশন করবেন তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলো।

আগেই ইউরোপ সফরের ঘোষণা দেওয়া হলেও সফরের সময়সূচি ও স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইউরোপ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছেন জেমস। সূচি অনুযায়ী ইউরোপের ছয়টি শহরে কনসার্ট করবেন তিনি।

আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে কনসার্টের মাধ্যমে সফর শুরু হবে। এরপর ২৬ জুলাই পর্তুগাল, ৯ আগস্ট সাইপ্রাস, ১৬ আগস্ট রোম, ২২ আগস্ট ভেনিস এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে গান শোনাবেন এই জনপ্রিয় শিল্পী।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, প্রায় দুই মাসব্যাপী এ সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ইউরোপ সফরটিও অত্যন্ত সফল ও জমজমাট হবে।

এর আগে যুক্তরাষ্ট্র সফরেও দারুণ সাড়া পেয়েছিলেন জেমস। ২০২৩ সালে সেখানে ১০টি কনসার্ট করার পরিকল্পনা থাকলেও দর্শকদের ব্যাপক চাহিদার কারণে শেষ পর্যন্ত ২৫টি কনসার্টে অংশ নেন তিনি। ফলে ইউরোপ সফরেও একই ধরনের সাড়া মিলতে পারে বলে মনে করছেন তার ভক্তরা।

এনএফ৭১/একে



বিষয়:



Top