শুটিং সেটে হঠাৎ অসুস্থ নির্মাতা কাজল আরেফিন অমি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:২২ এএম

সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। গলার জটিলতায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি কথা বলতে পারছেন না এবং চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান এই নির্মাতা।

অমি লেখেন, গত কয়েকদিন ধরে দাঁতের সমস্যার কারণে কিছুটা অসুস্থ ছিলেন। চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ হয়নি। এর মধ্যেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন শুটিং শুরু করেন তিনি।

তিনি জানান, শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন। ধীরে ধীরে তার কণ্ঠস্বর হারিয়ে যেতে থাকে এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারেননি।

পোস্টে তিনি বলেন, “আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। মুহূর্তটি আমার জন্য ভীষণ ভয়ের ছিল।”

পরিস্থিতির অবনতি হলে শুটিং বন্ধ করে হাসপাতালে যান তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিন তাকে ‘ভয়েস রেস্টে’ থাকতে হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো ধরনের কথা বলা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাজল আরেফিন অমি বলেন, পুরো বিষয়টি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক। নিয়মিত কাজের মধ্যে থাকা একজন মানুষ হিসেবে এমন পরিস্থিতি মেনে নেওয়া কঠিন বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে অমি লিখেছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও নিয়মিত কাজের ধারায় ফিরতে চান।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নির্মাণের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কাজল আরেফিন অমি। ধারাবাহিকটির একাধিক সিজন দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

এনএফ৭১/ওতু



বিষয়:



Top