প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১২:৩৬ এএম
ঢাকার ওয়ারী থানায় দায়ের করা একটি অনলাইন প্রতারণা মামলায় দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান আদালতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান।
আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে অর্থ নেওয়া হয়। শুরুতে অল্প কিছু অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি। একপর্যায়ে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।
এনএফ৭১/ওতু
