বিশ্বকাপ উন্মাদনায় সঞ্জয়-নোরার নতুন গান ‘সির সির’ প্রকাশ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:০৬ এএম
আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রকাশ পেয়েছে নতুন আন্তর্জাতিক গান ‘সির সির’, যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়, বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি গায়ক ভেজড্রিম।
সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বিশ্বকাপ উপলক্ষে তৈরি এই গানটি ফিফার অফিসিয়াল অ্যালবামের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
গানটির মিউজিক ও কোরিওগ্রাফিতে ফুটে উঠেছে বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ ও ফুটবল উন্মাদনা। ভিডিওতে নোরা ফাতেহিকে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করতে দেখা গেছে। একই সঙ্গে সঞ্জয় ও ভেজড্রিমও অংশ নেন পারফরম্যান্সে।
গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই এর মিউজিক ও নৃত্যনির্দেশনার প্রশংসা করছেন।
সঞ্জয় ফেসবুকে লিখেছেন, কয়েক মাসের পরিশ্রম এবং বিভিন্ন দেশের শিল্পীদের সহযোগিতায় এই গানটি তৈরি হয়েছে। তিনি দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন বলেও জানান।
এবারের ফিফা বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে পারফর্ম করবেন সঞ্জয়, কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্কের লিসাসহ বিশ্ব তারকারা।
উল্লেখ্য, শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় শৈশব কাটিয়েছেন চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করেন।
বিষয়:
