কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা কাপুর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর জানিয়েছেন, নব্বইয়ের দশক তাঁর জীবনের অন্যতম সেরা সময় হলেও তিনি অতীতকে আঁকড়ে ধরে থাকতে চান না। সময়ের সঙ্গে এগিয়ে যাওয়াকেই তিনি বেশি গুরুত্ব দেন।
সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে কারিশমা বলেন, “আমি নব্বইয়ের দশককে ভালোবাসি, কিন্তু বলতে পারব না যে সেই সময়টাকে খুব মিস করি। কারণ সময়ের সঙ্গে এগিয়ে যেতে হয়। আমি তো আর সেখানে আটকে থাকতে পারি না।”
অভিনেত্রীর মতে, নব্বইয়ের দশকের চলচ্চিত্র নির্মাণ ছিল অনেক বেশি স্বতঃস্ফূর্ত। অনেক সময় পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট ছাড়াই শুটিং হতো, রিহার্সালের সুযোগও থাকত খুব কম। তবুও সেই সময়ের অসংখ্য সিনেমা দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।
কারিশমা স্মৃতিচারণ করে বলেন, তখন শুটিং সেটে গিয়ে হঠাৎ করেই দৃশ্য ধারণ করা হতো। কমেডি দৃশ্য ও জমকালো নাচের আয়োজন ছিল সেই সময়ের সিনেমার অন্যতম আকর্ষণ। শিল্পীদের মধ্যে ছিল পারিবারিক সম্পর্কের মতো আন্তরিকতা, যা বর্তমান সময়ে খুব একটা দেখা যায় না।
তিনি আরও বলেন, “এক সেট থেকে আরেক সেটে ছুটে যেতাম। কখনো মুম্বাই, কখনো হায়দরাবাদ, কখনো চেন্নাই, আবার কখনো সুইজারল্যান্ড-এর পাহাড়ে শুটিং করতাম। সেই সময়টা ছিল একেবারেই অন্যরকম।”
সাক্ষাৎকারে সালমান খান ও অক্ষয় কুমার-এর সঙ্গে আবার কবে পর্দায় দেখা যাবে—এমন প্রশ্নের জবাবে কারিশমা মজা করে বলেন, “কেউ যদি তাদের সঙ্গে আমাকে নিয়ে ভালো কোনো স্ক্রিপ্ট দেয়, তাহলে অবশ্যই ভেবে দেখতে পারি।”
সূত্র: ইন্ডিয়া টুডে
বিষয়:
