কন্যাসন্তানের মা হলেন বুবলী, নিজেই জানালেন মেয়ের নাম
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
দীর্ঘ কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনের বিভিন্ন আয়োজন ও শুটিং থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা বুবলী। এ সময় তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের সুখবর দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বুবলী জানান, তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। গত মাসে তাদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে বলে জানান তিনি।
পোস্টে বুবলী লেখেন, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তান এসেছে। এ সময় তিনি পরিবারের জন্য দোয়া করা এবং শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি নবজাতক কন্যার জন্যও সবার কাছে দোয়া কামনা করেন।
সন্তানের জন্মের খবর জানাতে একটি আলোকচিত্র সংবলিত বার্তাও প্রকাশ করেন বুবলী। সেখানে তিনি উল্লেখ করেন, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান।
কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নবজাতকের জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বুবলী ও শাকিব খানের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। পরে ২০২২ সালে তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তবে এবার কন্যাসন্তানের জন্মের এক মাস পূর্ণ হওয়ার আগেই সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নিলেন বুবলী।
এনএফ৭১/একে
বিষয়:
