আবারও মা হলেন বুবলী, নাকি নিছক গুঞ্জন?
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০১:৩৮ এএম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে, দ্বিতীয়বারের মতো মা হয়েছেন কি না এই অভিনেত্রী।
গুঞ্জনের সূত্রপাত নৃত্যপরিচালক অ্যাডলফ খানের একটি পোস্ট থেকে। সোমবার বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, মাতৃত্ব সুন্দর। কন্যাসন্তান মহান আল্লাহর বিশেষ নেয়ামত। শবনম বুবলীকে অভিনন্দন ও অনেক দোয়া।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানাতে থাকেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বুবলী কিংবা তার স্বামী শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বিভিন্ন মাধ্যমে বুবলীর সন্তান জন্মদানের দাবি করা হলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
এ বিষয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডলফ খান। তিনি জানান, ব্যক্তিগতভাবে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনি বুবলীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তার ভাষ্য, তিনি ব্যক্তিগত সূত্রে বিষয়টি জেনেছেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরাই যেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি সবার সামনে তুলে ধরেন, সেটিই তিনি চান। এর বেশি কিছু বলা হলে তারা হয়তো সেটি পছন্দ করবেন না বলেও মন্তব্য করেন তিনি।
কিছুদিন ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই দূরে রয়েছেন বুবলী। নতুন কোনো চলচ্চিত্র বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এ কারণে অনেকের ধারণা, সন্তান জন্মদানের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এ বিষয়েও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।
এনএফ৭১/একে
বিষয়:
