‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না, সিনেমা দেখে আবেগঘন রিভিউ দিলেন হাসনাত আবদুল্লাহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ১২:২২ পিএম
পরিচালক তানিম নূরের আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে এবার আবেগঘন ও দার্শনিক বিশ্লেষণধর্মী রিভিউ প্রকাশ করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার দীর্ঘ লেখাটি ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিভিউতে হাসনাত আবদুল্লাহ সিনেমাটিকে শুধু একটি ট্রেনভিত্তিক গল্প নয়, বরং মানুষের জীবন, সংগ্রাম, বেদনা ও রূপান্তরের প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি লেখেন, “বনলতা এক্সপ্রেসকে আর ট্রেন মনে হবে না; মনে হবে জীবন্ত দুঃখের এক বাহন, যার একেকটি বগি একেকটি গল্পে ভরা।”
সিনেমার বিভিন্ন চরিত্র ও তাদের জীবনসংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি মানবজীবনের সুখ-দুঃখ, জন্ম-মৃত্যু, হারানো-পাওয়া এবং নিয়তির গভীর দর্শন তুলে ধরেন। তার ভাষায়, “এই বনলতা এক্সপ্রেসকে কেউ থামাতে পারে না। কারণ এই ট্রেন মানবজীবনেরই মতো, যেখানে স্থবিরতা নয়, রূপান্তরই চূড়ান্ত সত্য।”
হাসনাতের এই রিভিউ শেয়ার করে নির্মাতা তানিম নূর তাকে ধন্যবাদ জানান। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বনলতা এক্সপ্রেসের এত চমৎকার ও প্রাণবন্ত রিভিউ লেখার জন্য হাসনাত আবদুল্লাহকে অনেক অনেক ধন্যবাদ।”
পোস্টটি প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছেন দুজনেই। অনেকেই হাসনাত আবদুল্লাহর লেখার গভীরতা, জীবনবোধ ও সাহিত্যিক প্রকাশভঙ্গির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, সিনেমার এমন কিছু সূক্ষ্ম দিক তিনি তুলে ধরেছেন, যা সাধারণ দর্শকের চোখ এড়িয়ে যেতে পারে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির পর থেকেই দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে সিনেমাটি দেখা যাচ্ছে।
বিষয়:
