ঐতিহ্যবাহী মধুভাত খেয়ে আলোচনায় জয়া আহসান
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মধুভাত খেয়ে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই খাবারের স্বাদ নেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের পোশাক পরে একটি টেবিলের সামনে বসে আছেন জয়া আহসান। তার সামনে মাটির পাত্রে সাজানো রয়েছে চট্টগ্রামের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার মধুভাত। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই খাবারের নাম শুনলেও এবারই প্রথম এর স্বাদ গ্রহণ করছেন।
খাবারটির পরিচয় দিতে গিয়ে জয়া বলেন, এটি বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা এক ধরনের মিষ্টি ভাত। পোলাওয়ের চাল, জ্বালা চাল, নারকেল, নারকেলের দুধ, মধুসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে এটি তৈরি করা হয়।
ভিডিওতে আরও দেখা যায়, একটি বড় কাঠের চামচ দিয়ে মাটির পাত্র থেকে মধুভাত তুলে নারকেলের খোল দিয়ে তৈরি ছোট একটি বাটিতে নেন তিনি। পরে হাত দিয়ে খাবারটি মুখে দিয়ে স্বাদের প্রশংসা করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। অনেকেই চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবারের বিশেষত্ব তুলে ধরেছেন। একজন মন্তব্য করেন, মধুভাত খাওয়ার পর কিছুটা ঘুম ঘুম অনুভূতি হতে পারে। আবার কেউ কেউ জয়ার পোশাকের রঙ ও পরিবেশের সামঞ্জস্যেরও প্রশংসা করেছেন।
সব মিলিয়ে প্রথমবার মধুভাতের স্বাদ নেওয়া জয়া আহসানের ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
