ঐশ্বরিয়াকে নিয়ে ট্রলের বিরুদ্ধে সরব মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১০:৫৮ এএম

সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় আবারও আলোচনায় এসেছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে তার উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র ট্রল ও বডি-শেমিং। এ ধরনের সমালোচনার বিরুদ্ধে এবার সরব হয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত বলেন, একজন শিল্পীর মূল্য কখনোই তার ওজন, পোশাক বা বয়স দিয়ে নির্ধারণ করা যায় না। তার মতে, ঐশ্বরিয়া গত দুই দশকেরও বেশি সময় ধরে নিয়মিত কান উৎসবে অংশ নিয়ে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করছেন, যা নিঃসন্দেহে গর্বের বিষয়।

মাধুরী আরও বলেন, মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে চলচ্চিত্রজগত—সব ক্ষেত্রেই ঐশ্বরিয়ার অবদান উল্লেখযোগ্য। তাকে বাহ্যিক মানদণ্ডে বিচার করা ঠিক নয়, কারণ তিনি শুধু বাইরের সৌন্দর্যে নয়, ব্যক্তিত্বেও সুন্দর।

২০০২ সাল থেকে কান উৎসবের নিয়মিত মুখ ঐশ্বরিয়া সম্প্রতি ২০২৬ সালের আসরে অংশ নেওয়ার পর থেকেই তার শারীরিক গঠন নিয়ে অনলাইনে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে।

মাধুরীর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ট্রলিং সংস্কৃতি তরুণ প্রজন্মের জন্য ভুল বার্তা দেয়, যেখানে মানুষের মূল্য তার অর্জনের বদলে বাহ্যিক চেহারার ওপর নির্ভর করছে বলে ধারণা তৈরি হয়।

অন্যদিকে অভিনেত্রী তৃপ্তি দিমরিও ঐশ্বরিয়ার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, কারও চেহারা নিয়ে মন্তব্য করা সহজ হলেও শিল্পীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জায়গা তৈরি করেন। কাজের সমালোচনা গ্রহণযোগ্য হলেও ব্যক্তিগত চেহারা নিয়ে কটূ মন্তব্য করা অনুচিত।

প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি শিগগিরই একসঙ্গে ডার্ক কমেডি ঘরানার চলচ্চিত্র ‘মা বেহেন’-এ অভিনয় করবেন, যা আগামী ৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top