“ফেসবুক ডিলিট করে দিতে চাই”: নাজিফা তুষি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১০:২৬ এএম

সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিজীবন, ক্যারিয়ার, ঈদ উদযাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী নাজিফা তুষি।

আলাপচারিতায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি, পোশাক ও ব্যক্তিগত বিষয় নিয়ে নানা ধরনের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তুষি বলেন, তিনি অনেক সময় ফেসবুক ডিলিট করে দেওয়ার কথাও ভাবেন।

তিনি বলেন, “সত্যি কথা বলতে আমি ফেসবুকটা ডিলিট করে দিতে চাই। কারণ এই কাজ করতে গিয়ে অনেক কিছুই আমার ভালো লাগে না।”

অভিনেত্রীর মতে, একজন নারী অভিনেত্রী হওয়া মানেই সমাজের নির্দিষ্ট একটি ‘ছাঁচে’ নিজেকে উপস্থাপন করতে হবে—এই ধারণার সঙ্গে তিনি একমত নন।

তিনি বলেন, “আমি অভিনয় করি, মানুষ আমাকে অভিনেত্রী বা নায়িকা বলে। কিন্তু নায়িকাদের একটা নির্দিষ্টভাবে দেখতে হবে, সবসময় তৈরি হয়ে থাকতে হবে, পুতুলের মতো থাকতে হবে—এই বিষয়গুলো আমার ভালো লাগে না। এগুলো অনেক সময় বোঝা মনে হয়।”

নিজের ইচ্ছার স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে তুষি জানান, তিনি যখন চাইবেন তখনই সাজবেন বা নিজেকে উপস্থাপন করবেন—এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। কিন্তু সামাজিক প্রত্যাশা অনেক সময় সেই স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেয়।

তিনি আরও বলেন, “আমার যখন সাজতে ইচ্ছা করবে, আমি সাজব। সেটা একান্তই আমার নিজের ইচ্ছা হওয়া উচিত। কিন্তু অনেক সময় মনে হয়, মানুষ একজন নারীকে নির্দিষ্ট একটা ফ্রেমে দেখতে চায়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও পুরুষের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়টিও তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, নারীদের চেহারা, পোশাক ও উপস্থিতি নিয়ে যে পরিমাণ বিচার করা হয়, পুরুষদের ক্ষেত্রে তা তুলনামূলকভাবে অনেক কম।

তুষি বলেন, “এই বিষয়গুলো নিয়ে মেয়েদের আরও বেশি কথা বলা উচিত। নিজের মতো থাকার আত্মবিশ্বাসটা গুরুত্বপূর্ণ। একটা ছেলেকে তো এত চাপের মধ্য দিয়ে যেতে হয় না।”

অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ওপর চাপ ও প্রত্যাশার সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top