হিজাব পরা ছবি পোস্ট করে ট্রোলের মুখে অঙ্কিতা লোখান্ডে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৪:৫২ পিএম

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।

সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি আবুধাবি সফরের একাধিক ছবি পোস্ট করেন। এর মধ্যে কিছু ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের একটি অংশ তাকে নিয়ে সমালোচনা শুরু করে।

অনেকেই প্রশ্ন তোলেন—তিনি কেন হিজাব পরেছেন বা তিনি কি মুসলিম কি না। তবে তার ভক্তদের একাংশ এ সমালোচনার জবাবে বলেন, আবুধাবির কিছু ধর্মীয় স্থান ও মসজিদে প্রবেশের সময় পোশাকবিধি মানতে হয়, তাই তিনি হিজাব পরেছেন। কেউ কেউ এটিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন এবং ধর্মীয় বিতর্ক না ছড়ানোর আহ্বান জানান।

অঙ্কিতা লোখান্ডে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। পরে তিনি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ এবং ‘বাঘি ৩’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে এই দম্পতিকে বিভিন্ন রিয়েলিটি শোতেও একসঙ্গে দেখা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top