গুঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন অভিনেতা নাগা চৈতন্য
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:৫৪ পিএম
ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি দিল্লি হাইকোর্টে দায়ের করা আবেদনে অভিযোগ করেন যে, তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে অনলাইনে বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। এসব কনটেন্টে তাকে সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রতারণা করা এবং তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার মতো অভিযোগে উপস্থাপন করা হচ্ছে।
গত ২৯ মে বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানে অভিনেতার আইনজীবী বৈভব গগ্গর আদালতকে জানান, কিছু অনলাইন কনটেন্টে নাগা চৈতন্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামান্থার সঙ্গে প্রতারণাকারী হিসেবে দেখানো হচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
আইনজীবীর মতে, এসব কনটেন্ট মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না, বরং এটি পরিকল্পিত ট্রলিং ও মানহানির শামিল। তিনি আরও জানান, অনুমতি ছাড়া এআই-ভিত্তিক ভিডিওসহ বিভিন্ন আপত্তিকর কনটেন্ট তৈরি করে অনলাইনে ছড়ানো হচ্ছে।
আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতে কাজ করা এই অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত সুনাম এসব ভুয়া প্রচারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুনানি শেষে আদালত বিবাদীপক্ষের কাছে সমন জারি করেছে এবং নাগা চৈতন্যের ব্যক্তিগত অধিকার ও সুনাম রক্ষায় অন্তর্বর্তী সুরক্ষার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ২০২১ সালে তাদের বিচ্ছেদের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিতর্ক চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
