সাত বছর পর গীতিকার হিসেবে ফিরলেন মারজুক রাসেল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:৫২ পিএম
দীর্ঘ বিরতির পর আবারও গীতিকার হিসেবে ফিরে এলেন অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। প্রায় সাত বছর পর তিনি লিখেছেন একটি নতুন গান, যা স্থান পেয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্বে।
একসময় নিয়মিত গান লিখলেও গত কয়েক বছরে সংগীতাঙ্গনে তার উপস্থিতি ছিল অনেকটাই সীমিত। তার লেখা গান কণ্ঠে তুলেছেন জেমস, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর ও হাবিব ওয়াহিদের মতো জনপ্রিয় শিল্পীরা।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে যুক্ত হয়েছে নতুন গান ‘ব্যাচেলর গীতি’। গানটির কথা লিখেছেন মারজুক রাসেল, কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর এবং সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
ধারাবাহিকটির এক্সিকিউটিভ প্রযোজক তৌহিদ তালুকদার জানিয়েছেন, ২০১৯ সালের পর এটিই মারজুক রাসেলের লেখা প্রথম পূর্ণাঙ্গ গান। যদিও তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, তবে দীর্ঘ সময় কোনো গান লেখেননি।
তিনি আরও জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন শুরু হওয়ার পর থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি চেয়েছিলেন মারজুক রাসেলকে আবারও লেখালেখিতে যুক্ত করতে। সেই ভাবনা থেকেই এই গানটির জন্ম।
গানটি মূলত ব্যাচেলর গ্যাংয়ের জীবনধারা ও তাদের হাস্যরসাত্মক অভিজ্ঞতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে।
চ্যাপ্টার ১২-তে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীনসহ আরও অনেকে।
বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্ম, চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এবারের সিজনটি পরিচালনা ও প্রযোজনা করছেন কাজল আরেফিন অমি।
এনএফ৭১/ওতু
বিষয়:
