মিস ইউনিভার্স ২০২৬ থেকে সরে দাঁড়াচ্ছে ফ্রান্স
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০২:৪৮ পিএম
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ২০২৬ সালের আসরে অংশ নেবে না ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স সংগঠন। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশ নেওয়ার পর এবারই প্রথম মিস ইউনিভার্স থেকে নিজেদের প্রত্যাহার করছে দেশটি।
বৃহস্পতিবার (২৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় মিস ফ্রান্স কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত তাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিফলন। সংগঠনটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও দিকনির্দেশনা তাদের নীতিমালার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।
বিশেষ করে ২০২৫ সালের আসরে বিভিন্ন অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি দেখা গেছে বলে অভিযোগ করেছে তারা। তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয় বলেও জানিয়েছে মিস ফ্রান্স কর্তৃপক্ষ। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবারও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে।
মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, মিস ইউনিভার্স দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে উপস্থাপনের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে। তবে মিস ফ্রান্স প্রতিযোগিতার নিজস্ব মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও নীতিগত পরিবর্তনের ওপর নজর রাখা হবে।
ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক পর্যবেক্ষকের মতে, বিশ্বের অন্যতম প্রভাবশালী সৌন্দর্য প্রতিযোগিতা থেকে দীর্ঘদিনের অংশগ্রহণকারী একটি দেশের সরে দাঁড়ানো মিস ইউনিভার্সের জন্য বড় ধাক্কা হতে পারে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি।
এনএফ৭১/ওতু
বিষয়:
