ইনস্টাগ্রামে তারকাদের আনফলো করে আলোচনায় করণ জোহর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১১:৪৩ এএম
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একঝটকায় বলিউডের একাধিক তারকাকে আনফলো করে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন নির্মাতা করণ জোহর। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে শুরু হয় ব্যাপক জল্পনা-কল্পনা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, করণ জোহর সম্প্রতি ইনস্টাগ্রামে তার ফলো করা ব্যক্তিদের তালিকা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছেন। তিনি এই পদক্ষেপকে ব্যক্তিগত মানসিক শান্তির জন্য নেওয়া “ডিজিটাল ডিটক্স”-এর অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন।
আনফলো তালিকায় রয়েছেন বলিউডের একঝাঁক তারকা—শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, অনন্যা পাণ্ডে, সিদ্ধার্থ মলহোত্রা এবং ডিজাইনার মনীশ মালহোত্রাসহ আরও অনেকে।
তবে আলোচনার আরেক কেন্দ্রবিন্দু হলো, এত তারকাকে আনফলো করলেও করণ জোহর এখনও ফলো করছেন অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে। এছাড়া ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা এবং ব্যবসায়িক অংশীদার আদর পুনাওয়ালাও তার ফলো তালিকায় রয়েছেন।
বিষয়টি নিয়ে সমালোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়লে করণ জোহর নিজের অবস্থান পরিষ্কার করেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি বলেন, ব্যক্তিগত বা পেশাগত কোনো দ্বন্দ্বের কারণে নয়, বরং মানসিক স্বাস্থ্য ভালো রাখা এবং সোশ্যাল মিডিয়ার চাপ কমানোর জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে সম্প্রতি করণ জোহর প্রযোজিত সিনেমা ‘চাঁদ মেরা দিল’ মুক্তি পেয়েছে। লক্ষ্য ও অনন্যা পাণ্ডে অভিনীত এই সিনেমাটি প্রথম সপ্তাহে প্রায় ১১ কোটি রুপি আয় করে প্রত্যাশার তুলনায় কম ব্যবসা করেছে বলে জানা যায়। নেটিজেনদের একাংশের ধারণা, বক্স অফিসে এমন ফলাফলের পরই সোশ্যাল মিডিয়ায় তার ফলো তালিকায় পরিবর্তন আনতে পারেন নির্মাতা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এনএফ৭১/ওতু
বিষয়:
