ঈদের শুরুতেই ‘রকস্টার’ ঝড়, প্রথম দিনেই দ্বিগুণ হলো শো সংখ্যা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১১:৪২ এএম
পর্দায় শাকিব খানের উপস্থিতি মানেই দর্শকের উপচে পড়া ভিড়—এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল আজহায় মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘রকস্টার’ প্রথম দিনেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শক চাহিদার কারণে মুক্তির মাত্র এক দিনের মাথায় সিনেমাটির শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন দেশজুড়ে প্রায় ১০৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘রকস্টার’। এর মধ্যে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রথম দিনে মোট ১৮টি শো চালানো হয়।
তবে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও অগ্রিম টিকিট বিক্রির চাপ বাড়তে থাকায় শুক্রবার থেকে শো সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ৩৬টি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটিতে পরিবার ও তরুণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। টিকিটের চাহিদা দেখে শো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ভিন্নধর্মী গল্প, রোমান্স ও সংগীতের মেলবন্ধনে নির্মিত ‘রকস্টার’ মুক্তির আগেই আলোচনায় ছিল। প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় সেই প্রত্যাশাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করেছেন আজমান রুশো।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী ও তারিক আনাম খানসহ একঝাঁক তারকা।
উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে প্রায় নয়টি সিনেমা মুক্তি পেলেও দর্শক চাহিদা ও আলোচনার শীর্ষে অবস্থান করছে শাকিব খানের ‘রকস্টার’।
এনএফ৭১/ওতু
বিষয়:
