কোরবানির মাংস কাটতে অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:১০ পিএম

সংগৃহীত

ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের কোরবানির মাংস কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটি তার ব্যক্তিগত অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়নি, এটি তার প্রযোজনা প্রতিষ্ঠানের পেজ থেকে শেয়ার করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে কোরবানির মাংস কাটছেন অপু বিশ্বাস। তিনি একটি ছোট প্লাস্টিকের টুলে বসে কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে মাংস কাটছিলেন। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি, সঙ্গে গলায় ও হাতে ছিল সোনার গহনা।

ভিডিওতে আরও দেখা যায়, চারপাশে চাটাইয়ের ওপর কোরবানির কাঁচা মাংস ছড়িয়ে রাখা হয়েছে। একই সঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় এই অভিনেত্রীকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্ত ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে ঈদের ঘরোয়া উদযাপনের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন।

উল্লেখ্য, কোরবানির ঈদে অপু বিশ্বাসকে প্রায়ই পশু কোরবানি ও ঈদ উদযাপনে অংশ নিতে দেখা যায়। এবারও সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই ভিডিওটি আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top