অভিনেত্রী ববির বাসায় গ্রিল কেটে চুরি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:০১ পিএম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববির রাজধানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে অবস্থিত তার নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা নেওয়া হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাসায় অভিনেত্রী ববি ছিলেন না। তার মা হজ পালনের জন্য সৌদি আরবে এবং বোনেরা অস্ট্রেলিয়ায় অবস্থান করায় ফ্ল্যাটটি বেশিরভাগ সময়ই ফাঁকা ছিল। শুটিংয়ের কাজে ২৫ মে বাসা থেকে বের হন ববি। পরে গৃহপরিচারিকার ফোনে চুরির খবর পান তিনি।
খবর পেয়ে দ্রুত বাসায় ফিরে গিয়ে তিনি দেখতে পান শোবার ঘরের আলমারি তছনছ অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, জানালা ও বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, দামি ঘড়ি এবং নগদ টাকা চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্বর্ণের চুড়ি, কানের দুল, নেকলেস, চেইন, ডায়মন্ডের নাকফুল, ব্র্যান্ডের হাতঘড়ি এবং নগদ অর্থ—সব মিলিয়ে প্রায় ৮৫ লাখ টাকার বেশি সম্পদ খোয়া গেছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী ববি। তিনি বলেন, পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় বাসাটি ফাঁকা ছিল এবং সেই সুযোগেই চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি জানার পরই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ দ্রুত চোর শনাক্ত ও মালামাল উদ্ধারের আশ্বাস দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
