ঈদে প্রেক্ষাগৃহে ৯ সিনেমার লড়াই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১০:৫০ এএম

সংগৃহীত

বরাবরের মতো এবারও পবিত্র ঈদকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। এবারের ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে মোট ৯টি চলচ্চিত্র, যা সিনেমাপ্রেমীদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, এবার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো— রকস্টার, মাসুদ রানা, রইদ, মালিক, বনলতা সেন, পিনিক, তছনছ, অফিসার এবং ইউনিভার্সিটি অব চানখাঁরপুর। সারা দেশে প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হবে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি ভবিষ্যতে প্রযোজকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত রকস্টার। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটির গান, টিজার, পোস্টার ও অ্যানিমেশন ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়ে। জানা গেছে, প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

অন্যদিকে বড় আকর্ষণ হিসেবে রয়েছে মাসুদ রানা। সৈকত নাসির পরিচালিত এই স্পাই থ্রিলারটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি।

রইদ সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েত।

ঈদের আরেক আলোচিত সিনেমা মালিক-এ জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।

সরকারি অনুদানে নির্মিত বনলতা সেন পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার।

এছাড়াও ঈদের সিনেমার তালিকায় রয়েছে পিনিক, তছনছ এবং ইউনিভার্সিটি অব চানখাঁরপুর। এসব সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডি এ তায়েব ও মাহিয়া মাহিসহ আরও অনেকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top