গরুর হাটে বাবার হাত ধরে স্মৃতি ভাগ করলেন সিয়াম আহমেদ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৪:১৮ পিএম
ঈদুল আজহা এলে শোবিজ তারকারাও ফিরে যান শৈশবের স্মৃতিতে। সেই স্মৃতির গল্পই শেয়ার করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলায় বাবার হাত ধরে গরুর হাটে যাওয়ার আনন্দ ছিল তার কাছে সবচেয়ে বিশেষ অভিজ্ঞতা। হাটে ঘুরে গরু দেখা, দরদাম করা—সবকিছুতেই ছিল আলাদা উচ্ছ্বাস।
গরু কেনার পর সেটিকে দড়ি ধরে বাড়ি ফিরিয়ে আনার মুহূর্তই তার শৈশবের সবচেয়ে আনন্দের স্মৃতি বলে জানান এই অভিনেতা।
সিয়াম বলেন, ছোটবেলায় তার প্রায়ই মনে হতো, যদি গরু কেনার টাকাটা তিনি নিজে দিতে পারতেন, তাহলে আনন্দটা আরও বেশি হতো।
সময় বদলেছে, এখন তিনি নিজেই উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াতে সক্ষম। তিনি জানান, প্রতি ঈদুল আজহায় তিনি বাবার হাতে কোরবানির পশু কেনার জন্য আলাদা করে টাকা তুলে দেন।
তবে এই অর্জনের মধ্যেও শৈশবের সেই সহজ-সরল আনন্দ এখন আর অনুভব করা যায় না বলে মনে করেন এই অভিনেতা। দায়িত্ব আর ব্যস্ততার মাঝে কোথাও যেন হারিয়ে গেছে সেই নিখাদ উচ্ছ্বাস।
তার ভাষায়, শৈশবের সেই স্মৃতিগুলোই আজও তার ঈদকে বিশেষ করে তোলে।
এনএফ৭১/ওতু
বিষয়:
