‘যাদের কোনো ক্রেজ নেই, তারাই বডিগার্ড নিয়ে ঘোরে’: বাপ্পারাজ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:০৯ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে দেহরক্ষী বা বডিগার্ড নিয়ে আসার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়ক বাপ্পারাজ।
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নেওয়া এই অভিনেতা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড ব্যবহার প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন।
বাপ্পারাজ বলেন, “আমাদের শিল্পীদের আসলে বডিগার্ডের প্রয়োজন হয় না। আমরা তো কখনো বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো সিনেমাই করেনি, যাদের কোনো ক্রেজ নেই, তারাই দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে।”
তিনি আরও বলেন, অতীতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য কেউ কেউ নিরাপত্তাকর্মী সঙ্গে রাখতেন। তবে বর্তমানে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শিল্পীদের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বাপ্পারাজ বলেন, “আমরা সবাই এক পরিবার। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নানা প্রতিশ্রুতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বাস্তবধর্মী অবস্থান নেন। তার ভাষায়, “আমি এখনো শিল্পী সমিতির সেই ঘরে বসিনি। আগে ভেতরের অবস্থা বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কী কী পরিবর্তন প্রয়োজন।”
আগামী নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে ইতোমধ্যে আলোচনা ও সমীকরণ শুরু হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে বাপ্পারাজের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:
