চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার লিপু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৩৩ এএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ও নানা সমীকরণ। আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু।
জানা গেছে, গত ১৮ মে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবেন বিএইচ নিশান ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।
এদিকে আপিল বোর্ডের প্রধান করা হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার ছটকু আহমেদ-কে। তার সঙ্গে সহযোগী হিসেবে থাকছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও বাদল খন্দকার।
গত দুই মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছিল। এবারের নির্বাচন নিয়ে ভোটারদের প্রত্যাশা প্রসঙ্গে কামাল মো. কিবরিয়া লিপু বলেন, “শুনেছি আমাকে প্রধান করা হয়েছে। তবে আনুষ্ঠানিক চিঠি হাতে পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।”
নির্বাচনী লড়াইয়ে ইতোমধ্যে দুটি প্যানেলের নাম আলোচনায় এসেছে। একটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে রয়েছেন শিবা শানু ও জয়।
এনএফ৭১/ওতু
বিষয়:
