ঈদে নতুন চমক নিয়ে ফিরছেন বালাম
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৭:৪১ পিএম
দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৮ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশের মাধ্যমে গানটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গান ও মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’—এমন আধ্যাত্মিক আবহের কথায় সাজানো গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। সুর ও সংগীতায়োজন করেছেন নিজেই বালাম।
টিজারে বালামকে দেখা গেছে একেবারেই ভিন্ন লুকে। কাঁধ পর্যন্ত লম্বা ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং সুফি ঘরানার পোশাকে হাজির হয়েছেন তিনি। পাহাড়ি পরিবেশে গিটার হাতে কিংবা লাঠিতে ভর দিয়ে তার গায়কীর ভঙ্গি মিউজিক ভিডিওতে তৈরি করেছে এক আধ্যাত্মিক আবহ।
জানা গেছে, গানটির দৃশ্যধারণ করা হয়েছে নেপালের কালিনচকে।
মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে বিশেষ চমক হিসেবে থাকছেন বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। এই প্রথমবারের মতো পর্দায় বালামের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে।
সব মিলিয়ে নতুন লুক, আধ্যাত্মিক থিম এবং ভিন্নধর্মী উপস্থাপনায় ‘মাওলা’ নিয়ে ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
