রাজকীয় লুকে অভিনেতা দেব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৪:২১ পিএম
ভিন্নধর্মী চরিত্রে বারবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে আসছেন জনপ্রিয় অভিনেতা দেব। রোম্যান্টিক নায়ক থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপট—বিভিন্ন ধরনের চরিত্রে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। এবার আবারও এক রহস্যময় লুকে হাজির হয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ালেন এই তারকা।
রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ছবি পোস্ট করেন দেব। সেখানে তাকে দেখা যায় রাজকীয় বেশে—ঘিয়ে রঙের ধুতি-পাঞ্জাবি, মাথায় পাগড়ি এবং মোটা গোঁফে একেবারে রাজসিংহাসনে বসা রাজার মতো লুকে।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।”
এই পোস্ট প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। কারণ বর্তমানে দেবের যেসব প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, তার কোনোটিতেই এই ধরনের চরিত্রের ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে এটি নতুন কোনো সিনেমা, ওয়েব প্রজেক্ট নাকি অন্য কোনো চমক—তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
এর আগেও ‘রঘু ডাকাত’ এবং ‘আমাজন অভিযান’-এর শঙ্কর রায় চৌধুরীর মতো ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের চমকে দিয়েছেন দেব। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘দেশু ৭’-এর শুটিং নিয়ে। শুটিংয়ের নানা মুহূর্তও তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।
নতুন পোস্ট সামনে আসার পর থেকেই তার ভক্তদের মন্তব্যে ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এখন সবার অপেক্ষা—২৫ মে ঠিক কোন নতুন রূপে হাজির হন এই তারকা।
এনএফ৭১/ওতু
বিষয়:
