কোরবানির ঈদে পর্দায় আসছে ‘মাসুদ রানা’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:২১ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে ঘিরে নির্মিত সিনেমা। পোস্টার ও টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা।
এ উপলক্ষে রাজধানীর চ্যানেল আইয়ের ছাদ বাগানে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাইখ সিরাজ, আব্দুল আজিজ, পরিচালক সৈকত নাসিরসহ ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা রাসেল রানা বলেন, ২০১৯ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা’–এর মাধ্যমে তার এই যাত্রা শুরু হয়। তিনি জানান, ছবিটি নির্মাণে দীর্ঘ সময় লাগলেও নানা প্রতিকূলতার মধ্যেও টিমের কেউ হাল ছাড়েননি। দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।
সিনেমাটিতে ‘অবনীতা’ চরিত্রে অভিনয় করা সৈয়দা তিথি অমনিও ছবিটি নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
নির্মাতা সৈকত নাসির বলেন, “মাসুদ রানা বাংলাদেশের জেমস বন্ড। তাই চরিত্রটিকে আন্তর্জাতিক মানে উপস্থাপন করতে প্রযুক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রযুক্তি ও কল্পনার সমন্বয়ে গল্পটি দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।”
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
