নিখোঁজের এক সপ্তাহ পর কানাডিয়ান অভিনেতা ম্যাকলিনের মরদেহ উদ্ধা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:০৬ পিএম

সংগৃহীত

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর কানাডার জনপ্রিয় অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে দেশটির বিনোদন অঙ্গনে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, শেষবার তাকে ১৫ মে ব্রিটিশ কলম্বিয়ার লায়ন্স বে এলাকায় নিজ বাসায় দেখা যায়। এরপর ১৮ মে স্কোয়ামিশ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি রিপোর্ট পায়।

নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করে। প্রথমে সাধারণভাবে অনুসন্ধান চললেও পরবর্তীতে মামলাটি হস্তান্তর করা হয় ব্রিটিশ কলম্বিয়ার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের কাছে।

তদন্তকারী সংস্থা নিশ্চিত করেছে, ২২ মে লায়ন্স বে এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে ও কোন পরিস্থিতিতে মরদেহ পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের কর্পোরাল এস্থার টুপার জানিয়েছেন, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত এখনো চলমান রয়েছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ, সাক্ষ্য ও বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে ম্যাকলিনের শেষ সময়ের গতিবিধি নির্ধারণের চেষ্টা চলছে।

ম্যাকলিন জনপ্রিয় টিভি সিরিজ ‘ভার্জিন রিভার’, ‘অ্যারো’ ও ‘দ্য ইর‍্যাশনাল’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর প্রকাশের পর এজেন্সি ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তাকে একজন নিবেদিতপ্রাণ ও প্রাণবন্ত অভিনেতা হিসেবে স্মরণ করেছেন।

২০১৫ সাল থেকে ভ্যাঙ্কুভারভিত্তিক চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নিয়মিত কাজ করে আসছিলেন তিনি। ক্যারিয়ারে ৩০টিরও বেশি প্রযোজনায় যুক্ত ছিলেন এই অভিনেতা।

সূত্র: এনবিসি নিউজ

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top