ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও মিমের ‘মালিক’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:২৯ এএম

সংগৃহীত

ঢালিউডের সুপারস্টার আরিফিন শুভ এবং লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘মালিক’ আসছে আসন্ন ঈদে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।

প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন ভিন্ন আবহ ফুটে উঠেছে। প্রথম পোস্টারে আরিফিন শুভকে দেখা গেছে তীব্র অ্যাকশন ও প্রতিশোধের আবহে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের আগুন ধরা পড়েছে। দ্বিতীয় পোস্টারে বিদ্যা সিনহা মিমকে দেখা গেছে রোমান্টিক আবহে, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

দুটি পোস্টারেই ব্যবহৃত হয়েছে স্লোগান—'রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’, যা সিনেমার মূল থিমকে ইঙ্গিত করে।

সিনেমাটি মূলত একটি অ্যাকশনধর্মী গল্প, যেখানে একরোখা এক যুবকের জীবনসংগ্রাম, মায়ের সম্মান রক্ষা এবং হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার লড়াইকে কেন্দ্র করে কাহিনি গড়ে উঠেছে। সময়ের পরিক্রমায় সে কীভাবে অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়, সেটাই তুলে ধরা হয়েছে পর্দায়।

পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, বিদ্যা সিনহা মিমকে এই সিনেমায় এক নতুন ও চমকপ্রদ চরিত্রে দেখা যাবে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে কলকাতায়।

তিনি আরও জানান, সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই সিনেমার গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার প্রকাশ করা হবে। নির্মাতাদের আশা, ঈদের উৎসবে ‘মালিক’ দর্শকদের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top