জায়েদ খানের সঙ্গে অভিনয় করবেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

সংগৃহীত

রুপালি পর্দার সমালোচনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রোল—সবকিছু উপেক্ষা করে এবার আন্তর্জাতিক অঙ্গনে নতুন চমক দেখালেন চিত্রনায়ক জায়েদ খান। ঢালিউডের এই অভিনেতা এবার স্ক্রিন শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানি-এর সঙ্গে।

প্রবাসীদের জীবন, সংগ্রাম ও টানাপোড়েন নিয়ে নির্মিত শর্টফিল্ম ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড ২-এ একসঙ্গে দেখা যাবে তাদের। এটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন।

শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ঠিকানা টিভি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এর আগে একই সিরিজের প্রথম পর্ব গত মার্চে মুক্তি পেয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

জায়েদ খান জানান, নিউইয়র্কের মেয়রের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত গর্বের। তার মতে, একজন বিশ্ববরেণ্য ও ক্ষমতাধর ব্যক্তিত্বের সঙ্গে একই প্রজেক্টে কাজ করা বাংলাদেশের জন্যও সম্মানের বিষয়।

তিনি আরও জানান, এই প্রজেক্টের পেছনে ছিলেন রুহিন হোসেন এবং আনুভা শাহীন হোসেন, যাদের উদ্যোগে মেয়রের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শুটিংয়ের অনুমতি পাওয়া যায়।

শুটিং সেটে মেয়রের আচরণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, তিনি অত্যন্ত বিনয়ী ও পেশাদারভাবে কাজ করেছেন। ক্যামেরার সামনে ও পেছনে তিনি স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন এবং পুরো প্রক্রিয়াটি উপভোগ করেছেন বলে জানান এই অভিনেতা।

সব মিলিয়ে, ঢালিউড তারকার এই আন্তর্জাতিক প্রজেক্ট ইতোমধ্যে দর্শকদের মধ্যে নতুন কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top