ছেলের অসুস্থতায় মায়ের অভাব অনুভব করলেন পরীমনি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:৩৫ পিএম
দুই সন্তানকে ঘিরেই এখন দারুণ সময় কাটছে চিত্রনায়িকা পরীমনি-র। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার ছেলের অসুস্থতার কথা জানাতে গিয়ে মায়ের স্মৃতিচারণ করলেন এই অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লিখেছেন, “আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গায়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেঁষতে পারি না।”
পরীমনির বয়স যখন মাত্র তিন বছর, তখন আগুনে দগ্ধ হয়ে মারা যান তার মা সালমা সুলতানা। এরপর বাবা মনিরুল ইসলাম তাকে রেখে আসেন পিরোজপুরের নানাবাড়িতে। সেখানে নানা শামসুল হক গাজী-র তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন তিনি।
২০১১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ-এ বাংলা বিভাগে বিএ (সম্মান) পড়াকালীন ঢাকায় চলে আসেন পরীমনি। পরে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)-তে নাচ শেখা শুরু করেন।
২০১৫ সালে ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। শুরুতেই একসঙ্গে দুই ডজনের বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি।
চার বছর আগে গুণিন সিনেমার শুটিংয়ে পরিচয় হয় অভিনেতা শরীফুল রাজ-এর সঙ্গে। সেই পরিচয় পরে সম্পর্কে রূপ নেয়। তাদের ঘর আলো করে আসে ছেলে পুণ্য। যদিও পরবর্তীতে এই দম্পতির বিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পর ছেলে পুণ্যকে নিয়েই নিজের এক স্বপ্নের জগৎ তৈরি করেছিলেন পরীমনি। সম্প্রতি সেই সংসারে যোগ হয়েছে কন্যা প্রিয়ম। দুই সন্তানকে ঘিরেই এখন তার ব্যস্ততা আর আনন্দের দিন কাটছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
