ঈদে নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৭:২১ পিএম
দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঈদুল আজহা উপলক্ষে ‘লোকে বলে’ শিরোনামের একটি নতুন গান নিয়ে আসছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির-এর আয়োজনে তৈরি হয়েছে গানটি।

শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া জানান, ভক্তদের দেওয়া কথা রাখতেই তিনি নতুন গান নিয়ে ফিরছেন। একই সঙ্গে এবারের ঈদ উদযাপন আরও জমকালো হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি। আগামী ২৬ মে মুক্তি পাবে নতুন এই গান।
ফোক-পপ ঘরানার ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এটি প্রকাশিত হবে এসভিএফ মিউজিক এবং ব্লিং মিউজিক ব্যানারে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।
বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার পথচলা শুরু হয়েছিল বেলাল খান-এর একটি গানের মডেল হিসেবে। এরপর উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। গানটি মুক্তির পর যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি সমালোচনারও জন্ম দিয়েছিল। ২০২৪ সালে এসভিএফের ব্যানারে তার সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল। ‘লোকে বলে’ হতে যাচ্ছে তার গাওয়া পঞ্চম একক গান।
এদিকে স্টেজ শো নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি দুবাইয়ে একটি স্টেজ শোতে অংশ নিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সংশ্লিষ্টদের আশা, এবারের ঈদ উৎসবে ‘লোকে বলে’ গানটি দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি উচ্ছ্বাস যোগ করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
