নীল আভায় কান মাতালেন ঐশ্বরিয়া রাই বচ্চন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৭:২০ পিএম
২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। লালগালিচায় তার উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারও রাজকীয় আবহে হাজির হয়ে নজর কাড়লেন তিনি।
উৎসবে প্রথম দিনের উপস্থিতির জন্য ঐশ্বরিয়া বেছে নেন ঝলমলে নীল রঙের বিশেষ নকশার একটি গাউন। ‘লুমিনারা’ নামের মারমেইড ধাঁচের এই পোশাকটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। কানের মঞ্চে এটিই ছিল তার ডিজাইন করা পোশাকের প্রথম অভিষেক।
ডিজাইনার জানান, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকেই তৈরি হয়েছে এই গাউন। বিশ্বমঞ্চে ঐশ্বরিয়ার দীর্ঘদিনের উজ্জ্বল উপস্থিতিকেই পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন এই অভিনেত্রী। লালগালিচায় ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানান তিনি। কখনও উড়ন্ত চুম্বন, আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন ঐশ্বরিয়া।
উৎসবে দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ডের শুভেচ্ছাদূত ইভা লঙ্গোরিয়া-র সঙ্গেও দেখা যায় তাকে। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন দ্য বার্থডে পার্টি সিনেমার প্রদর্শনীতে। ছবিটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মোনিকা বেল্লুচ্চি।
দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দিয়ে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারের উপস্থিতিও তার ব্যতিক্রম হয়নি। নীল আভায় মোড়া সেই রাজকীয় সাজে আবারও যেন কানের মঞ্চ নিজের করে নিলেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
