ধর্ষণকারীর পক্ষে আবার কীসের উকিল: প্রশ্ন তুললেন তমা মির্জা

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ১০:৩০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। তিনি ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজের সত্যায়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক বক্তব্যে তমা মির্জা লেখেন, ধর্ষণের শিকার ব্যক্তির জানাজার আগেই ধর্ষণকারীর বিচার সম্পন্ন হওয়া উচিত। এমন কঠোর বিচার করতে হবে, যাতে বিকৃত মানসিকতার অপরাধীরা ভবিষ্যতে এমন অপরাধ করার চিন্তাও না করতে পারে।

শুধু অপরাধীদের শাস্তি নয়, ধর্ষণ মামলায় আসামিপক্ষের আইনজীবীদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন এই অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কিসের তদন্ত, কিসের ব্যাখ্যা, ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল এবং কেন সময়ক্ষেপণ করা হবে।

নিহত শিশু রামিসাকে নিজের পরিবারের সদস্যের সঙ্গে তুলনা করে সমাজের সবাইকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তমা মির্জা বলেন, রামিসা আমাদের সবার বোন, তাই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। জিজ্ঞাসাবাদে ঘটনার আগে মাদক সেবনের কথাও স্বীকার করেছে সে। এ ঘটনার পর দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এনএফ৭১/একে



বিষয়:



Top