দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘হাবু ভাই’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০১:৪২ এএম

সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা চাষী আলম–এর পরিবারে এসেছে নতুন অতিথি। আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্যাচেলর পয়েন্ট–এর ‘হাবু ভাই’ চরিত্রে দর্শকপ্রিয় এই তারকা।

বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে তার স্ত্রী তুলতুল ইসলাম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন চাষী আলম। নিজের ফেসবুক পোস্টে তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, “আলহামদুলিল্লাহ্, দ্বিতীয়।”

এরপর থেকেই অভিনন্দন ও শুভকামনায় ভাসছেন এই অভিনেতা। বিনোদন অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন নবজাতকের জন্য।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম পুত্র সন্তানের বাবা হন তিনি।

নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন চাষী আলম। এরপর থেকে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এই অভিনেতা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top