রহস্য আর প্রেমে মোড়া ‘রকস্টার’ টিজার, আলোচনায় শাকিব-মিথিলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:১৭ পিএম
“আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়!”— এমন রহস্যময় বার্তা দিয়ে আসন্ন সিনেমা রকস্টার–এর দ্বিতীয় টিজার প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির টিজার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। ক্যাপশনে আরও লেখেন, “তবু গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।”
টিজারজুড়ে রহস্য, প্রেম আর আবেগের মিশেলে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। প্রথম টিজারে শাকিব খানের অ্যাকশনধর্মী রূপ দেখা গেলেও দ্বিতীয় টিজারে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তানজিয়া জামান মিথিলা।
তার রহস্যময় অভিব্যক্তি, গ্ল্যামারাস উপস্থিতি এবং শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যগুলো দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিথিলার লুক ও স্ক্রিন প্রেজেন্স নিয়ে প্রশংসার ঝড় বইছে।
বাংলাদেশের ‘মিস ইউনিভার্স’ খ্যাত মিথিলার জন্য ‘রকস্টার’ হতে যাচ্ছে ঢালিউডের মূলধারার বাণিজ্যিক সিনেমায় প্রথম কাজ। এর আগে বলিউডের রোহিঙ্গা সংকটভিত্তিক একটি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
টিজার প্রকাশের পর ভক্তদের একাংশ মনে করছেন, সিনেমাটিতে মিথিলার চরিত্রই হতে পারে গল্পের সবচেয়ে বড় চমক।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাবিলা নূর ও সুনিধি নায়েক।
এনএফ৭১/ওতু
বিষয়:
