অস্ট্রেলিয়ায় যাচ্ছে জুয়েনা শবনমের একক অভিনীত ‘হেলেন কেলার’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:৪৮ পিএম
নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত মনোড্রামা ‘হেলেন কেলার’ এবার মঞ্চস্থ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। স্বনামখ্যাত নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের আমন্ত্রণে আগামী ৬ জুন নাটকটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন স্বপ্নদলের কর্ণধার ও নাটকের নির্দেশক জাহিদ রিপন।
এর আগে আগামী ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
হেলেন কেলারের জীবন, সংগ্রাম, দর্শন ও মানবিক চেতনা নিয়ে নির্মিত নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন এবং একক অভিনয়ে রয়েছেন জুয়েনা শবনম।
নাটকটিতে তুলে ধরা হয়েছে দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হেলেন কেলারের অবিশ্বাস্য জীবনসংগ্রাম। শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অনুপ্রেরণায় কীভাবে তিনি সকল প্রতিবন্ধকতা জয় করেছিলেন, সেটিই নাটকের মূল উপজীব্য। পাশাপাশি চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি ও আইনস্টাইনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে হেলেন কেলারের সম্পর্ক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের প্রভাবও নাটকে উঠে এসেছে।
এছাড়া নারী জাগরণ, মানবতাবাদ, যুদ্ধবিরোধী অবস্থান, বর্ণবাদ ও আণবিক অস্ত্রের বিরুদ্ধে হেলেন কেলারের স্পষ্ট মতাদর্শও নাটকের বিভিন্ন অংশে তুলে ধরা হয়েছে।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ। প্রযোজনা ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল।
উল্লেখ্য, ‘হেলেন কেলার’ এরই মধ্যে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে মঞ্চস্থ হয়েছে। এছাড়া ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসব এবং ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে প্রযোজনাটি।
এনএফ৭১/ওতু
বিষয়:
