মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:৩৩ পিএম
সন্তান হারানোর শোকে গভীরভাবে ভেঙে পড়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে তিনি এখনও শোক কাটিয়ে উঠতে পারছেন না।
মেয়ের মৃত্যু নিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এত তাড়াতাড়ি তাকে হারাবেন—এটা কখনো ভাবেননি। প্রতিদিনই যেন বুকের ওপর পাথর নিয়ে বেঁচে আছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বারবার মনে হয় মেয়ের ডাক শুনতে পাবেন, কিন্তু বাস্তবতা তাকে আবার শূন্যতার অনুভূতিতে ফিরিয়ে আনে।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার লিভারজনিত জটিলতায় কারিনা কায়সারের মৃত্যু হয়। পরে তাকে মুন্সিগঞ্জের নানাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মেয়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে কায়সার হামিদ একটি পুরোনো ছবি পোস্ট করে আবেগঘন স্মৃতি শেয়ার করেন। সেখানে তিনি মেয়ের আত্মার শান্তি কামনা করেন।
পরিবার জানায়, প্রথমে জ্বর থেকে শুরু হয়ে সংক্রমণ ও পরে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:
