বিয়ের আগে নারীদের আত্মনির্ভর হওয়ার পরামর্শ কঙ্গনার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:২৫ পিএম

সংগৃহীত

দেশজুড়ে নারী নির্যাতন ও গার্হস্থ্য সহিংসতার ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন কঙ্গনা রানাউত। সম্প্রতি বিবাহিত নারীদের ওপর নির্যাতনের কয়েকটি আলোচিত ঘটনার পর নারীদের উদ্দেশে আত্মনির্ভরশীল হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাক্তন ‘মিস পুণে’ তিশা শর্মার রহস্যজনক মৃত্যুসহ একাধিক ঘটনার প্রেক্ষিতে এ মন্তব্য করেন কঙ্গনা। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, প্রতিদিনই বিবাহিত তরুণীদের নিয়ে দুঃখজনক খবর সামনে আসছে এবং অনেক নারী নির্যাতনের পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাইলেও সামাজিক বাস্তবতায় বাধার মুখে পড়ছেন।

নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন, নিজের পেশা, পরিচয় ও ক্যারিয়ারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। জীবনে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও তা যেন কখনো নিজের স্বপ্ন বা পরিচয়কে ছাপিয়ে না যায়।

তিনি আরও বলেন, আর্থিক ও মানসিকভাবে স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া ভালো। নিজের নিরাপত্তা ও ভবিষ্যতের দায়িত্ব নিজেকেই নিতে হবে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

কঙ্গনা রানাউতর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার মন্তব্যকে নারীদের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতার পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top