ক্রিকেটার তিলক বর্মার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন শ্রীলীলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:১২ পিএম
ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। একের পর এক ব্যবসাসফল সিনেমায় কাজ করে শোবিজে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় তরুণ ক্রিকেটার তিলক বর্মার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে শ্রীলীলার ঘনিষ্ঠ সূত্র এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে।
সূত্রটি জানায়, শ্রীলীলা ও তিলক বর্মার মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। অনলাইনে ছড়িয়ে পড়া এসব খবরকে তারা “ভিত্তিহীন ও গুজব” বলে উল্লেখ করেছে।
তাদের দাবি অনুযায়ী, অভিনেত্রী ও ক্রিকেটারের মধ্যে কখনো কোনো দেখা-সাক্ষাৎ বা সাধারণ কথাবার্তাও হয়নি। দুজনই সম্পূর্ণ ভিন্ন পেশা ও ভিন্ন জগতের মানুষ, তাই তাদের জড়িয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ অসত্য।
সম্প্রতি একটি পোস্টে দাবি করা হয়, শ্রীলীলা ও তিলক প্রায় এক বছর ধরে ডেট করছেন। এরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও ছড়িয়ে পড়ে।
গুঞ্জনের পেছনে কিছু কাকতালীয় ঘটনাও উল্লেখ করা হয়। গত বছরের ডিসেম্বরে বৈকুণ্ঠ একাদশীর সময় শ্রীলীলা তার মায়ের সঙ্গে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে যান, আর একই সময়ে সেখানে তিলক বর্মাও পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন বলে জানা যায়। এছাড়া আইপিএলের একটি ম্যাচ চলাকালীন শ্রীলীলার মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের সঙ্গে দেখা গেছে—এমন দাবিও উঠে আসে, যা গুঞ্জনকে আরও উসকে দেয়।
তবে এসব ঘটনার সঙ্গে সম্পর্কের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছে ঘনিষ্ঠ সূত্র।
এর আগে একাধিক নায়কের সঙ্গে শ্রীলীলার সম্পর্কের গুঞ্জন উঠলেও তিনি কখনোই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
প্রসঙ্গত, সম্প্রতি হরিশ শঙ্করের পরিচালনায় পবন কল্যাণের বিপরীতে ‘উস্তাদ ভগত সিং’ সিনেমায় অভিনয় করেছেন শ্রীলীলা।
এনএফ৭১/ওতু
বিষয়:
