“রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক” ভাইরাল সংলাপের নেপথ্যে কে এই ঈমান আলী?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:১১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে ব্যাপক ভাইরাল হওয়া “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক”—এই সংলাপটি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। ফেসবুক, টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রথমে অনেকেই বাস্তব কোনো কবিরাজের বক্তব্য ভেবে নিলেও পরে জানা যায়, এটি একটি অভিনীত চরিত্র।
ভাইরাল হওয়া এই চরিত্রে অভিনয় করেছেন ঈমান আলী। তিনি কোনো কবিরাজ নন, বরং একজন পেশাদার অভিনেতা।
জানা যায়, প্রায় ২০–২৫ বছর আগে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে বসবাস শুরু করেন তিনি। বর্তমানে তিনি সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন এবং ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। এখন তিনি নিয়মিতভাবে ডিজিটাল কনটেন্টে কাজ করছেন।
সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। তার অভিনয়ের ভঙ্গি, চোখের ইশারা এবং সংলাপ বলার ধরন—বিশেষ করে “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক”—মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
স্বল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখ লাখ ভিউ পায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেক কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীও এখন এই সংলাপ ব্যবহার করে নতুন ভিডিও তৈরি করছেন।
ঈমান আলী জানান, এটি সম্পূর্ণ অভিনয়ের অংশ ছিল এবং উদ্দেশ্য ছিল দর্শকদের বিনোদন দেওয়া। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো বাস্তব কবিরাজ নন এবং ভবিষ্যতেও অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দিতে চান।
স্থানীয় বাসিন্দারাও জানান, দীর্ঘদিন ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই একটি সংলাপই তাকে দেশজুড়ে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
