হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা হাসপাতালে ভর্তি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:১০ পিএম
হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা।
সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই অসুস্থতার খবর ভক্তদের জানান তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।”
তার পোস্টের পরপরই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেন।
২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই তিনি দেশের সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
পরে ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে’ সম্মাননা অর্জন করেন সনিকা। এরপর তিনি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে প্রকাশিত তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’ শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন এই শিল্পী। ২০১৫ সালে ছোটপর্দায় অভিষেকের পর ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করেন তিনি।
এর আগে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অসুস্থতার খবর শোবিজ অঙ্গনে উদ্বেগ তৈরি করেছিল। এর মধ্যেই সনিকার অসুস্থতার খবর নতুন করে ভক্তদের মাঝে চিন্তার সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
