আট বছরের আইনি লড়াই, ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছরের মানসিক চাপ ও আইনি লড়াই শেষে বড় স্বস্তি পেলেন কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণভাবে খালাস দিয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে নেওয়া প্রায় ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে রাষ্ট্রীয় কোষাগারকে।

প্রতিবেদনে জানা যায়, স্পেনের কর কর্তৃপক্ষ দাবি করেছিল যে ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন বসবাস করেছেন, যা কর দেওয়ার জন্য ন্যূনতম সময়সীমা হিসেবে ধরা হয়। তবে আদালত রায়ে জানায়, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ।

আদালতের হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন অবস্থান করেছিলেন, যা নির্ধারিত সময়সীমার চেয়ে ২০ দিন কম। ফলে তার ওপর আরোপিত কর ও জরিমানাকে অবৈধ ঘোষণা করা হয়। ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা জরিমানা।

এদিকে রায়ের পর এক বিবৃতিতে শাকিরা বলেন, দীর্ঘ আট বছর ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়ার পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচারণা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ কখনোই প্রমাণ করা যায়নি এবং পুরো বিষয়টি ছিল ভিত্তিহীন। সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য তার নাম ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:



Top