‘বনলতা সেন’ চলচ্চিত্রের চরিত্র পোস্টার প্রকাশ, আসছে টিজার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:৪৭ এএম

সংগৃহীত

পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের নতুন চলচ্চিত্র ‘বনলতা সেন’-এর আনুষ্ঠানিক ঘোষণার মাত্র দুই দিনের মধ্যেই প্রকাশ করা হয়েছে সিনেমাটির ক্যারেক্টার পোস্টার। এতে দর্শকদের মধ্যে চলচ্চিত্রটি নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে।

বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত কবিতা ‘বনলতা সেন’ প্রথম প্রকাশিত হয় ১৯৩৫ সালের ডিসেম্বরে, বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায়। সেই হিসেবে ২০২৬ সালে কবিতাটির বয়স দাঁড়াচ্ছে প্রায় ৯১ বছর। পরে ১৯৪২ সালে এটি কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয়।

নির্মাতা জানান, প্রায় শতবর্ষ পুরোনো এই কবিতাটি এখনো সমানভাবে প্রাসঙ্গিক ও আধুনিক। রহস্য, দর্শন ও অনুভূতির মিশেলে গড়ে ওঠা কবিতাটির আবহকে চলচ্চিত্রেও ধারণ করার চেষ্টা করা হয়েছে। দর্শকদের জন্য ভিন্নধর্মী এক চলচ্চিত্র অভিজ্ঞতা তৈরি করাই এই নির্মাণের অন্যতম লক্ষ্য।

চলচ্চিত্রটিতে ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি যুক্ত হয়েছে কিছু কাল্পনিক চরিত্রও। বাস্তবধর্মী ও রূপকধর্মী উপস্থাপনার সমন্বয়ে গল্পকে নতুনভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আগামী মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। এরপর পর্যায়ক্রমে ট্রেলার, গান ও অন্যান্য প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ‘বনলতা সেন’ চলচ্চিত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত। সিনেমাটি প্রযোজনা করছে রেড অক্টোবর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top